ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ছাত্র আরিফ মোর্শেদ খান এজাজ হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা আব্বাসের পক্ষে জামিন চাওয়া হলে শুনানি শেষে বিচারক মো. আজিজুল হক তা নাকচ করেন।
২০০৬ সালের ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ে যাবার পথে এজাজকে শাহজাহানপুরের ঝিল মসজিদ সংলগ্ন চায়ের দোকানের কাছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা তাকে গুলি করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এজাজ মারা যায়।
ছেলে চিকিৎসাধীন থাকার সময় এজাজের বাবা মতিঝিল থানায় হত্যা প্রচেষ্টার মামলা করেন। পরে এজাজ মারা গেলে মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা করা হয়।
জামিন আবেদনে মির্জা আব্বাসের আইনজীবী সানাউল্লাহ ও মিয়া মহিউদ্দীন চৌধুরী আদালতে বলেন, এজাহারে মির্জা আব্বাস বা অন্য কোনো আসামির নাম ছিল না। মামলা দায়েরের এক বছর পর গত বছরের ১ মার্চ মির্জা আব্বাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলায় গ্রেপ্তার দেখানো আরেক আসামি মুনির হোসেন ২০০৬ সালে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান।
মির্জা আব্বাসের অসুস্থতার পাশাপাশি সহ আসামীর জামিন, অভিযোগপত্র দাখিলে বিলম্ব এবং এজাহারে নাম না থাকা ইত্যাদি কারণে তিনি জামিন পেতে পারেন বলে যুক্তি দেন তারা।
আব্বাসের জামিনের বিরোধিতা করেন পুলিশের প্রসিকিউশন কর্মকর্তা মকবুল হোসেন।
শুনানি শেষে মির্জ্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মক্কেলের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা বিচারাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসকে/১৬৫৫ঘ.
bdnews24