ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে পাঁচ সচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে মন্ত্রনালয়টির কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, সড়ক ও রেলপথ বিভাগের সচিব ড. মোহাম্মদ মাহবুবুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ সচিব পদে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদকে সড়ক ও রেলপথ বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) এবিএম আব্দুল হক চৌধুরীকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েল সচিব সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের গিমে জাদুঘরে পুরাকীর্তি পাঠানো নিয়ে বিতর্কের পর তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. আতাউর রহমান আগামী ৬ নভম্বর থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাবেন।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়াকে অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পাওয়ায় বর্তমান ইআরডি সচিব আমিনুল ইসলাম ভূঁইয়াকে ১৯ অক্টোবর সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল আলম তরফদারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/জিএনএ/১৫৫২ ঘ.
bdnews24