গোপালগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাওনা টাকা চাওয়ার জের ধরে মঙ্গলবার দুুপুরে কোটালীপাড়ার নয়াকান্দি বাজারে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে ৩০ জনের মত আহত হয়েছে।
আহতদের মধ্যে চুন্নু বেপারী (৩০), নান্নু বেপারী (২৬), কাঞ্চন হাওলাদার (১৮), সেলিম বেপারী (২২), হাকিম বেপারী (৩৫), হবি বেপারী (৫৫), জিয়া বেপারী (২৮), আনোয়ার হাওলাদারকে (৩০) কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোনেম এলাকাবকাসীর বরাত দিয়ে জানান, দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার করফা গ্রামের চুন্নু বেপারী পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামের নাজিম শেখের কাছে পাওনা এক হাজার টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে নাজিম শেখ পাওনাদার চুন্নু বেপারীকে মারধর করেন। কিছুক্ষণ পর চুন্নুর লোকজন নাজিম শেখকে একা পেয়ে মারধর করে। এ ঘটনার জের ধরে নাজিম শেখের প্রায় অর্ধশত লোক নয়াকান্দি বাজারে আটটি দোকান ও পাশের তিনটি বাড়িতে ভাঙচুর চালায় এবং লুটপাট করে। তাদের দুই ঘণ্টাব্যাপী এ হামলা ভাঙচুরে ৩০ জনের মতো আহত হয়।
কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নয়াকান্দি বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ঘটনায় মামলা হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24