২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হিমাগার থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, ব্যবস্থাপকসহ আটক ১৮

নওগাঁর বদলগাছী উপজেলার উত্তরা হিমাগারের ভিতর থেকে মঙ্গলবার দুপুরে রাজভী (৯) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

নওগাঁ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর বদলগাছী উপজেলার উত্তরা হিমাগারের ভিতর থেকে মঙ্গলবার দুপুরে রাজভী (৯) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আলুর বস্তার ওপর রাখা ছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে নওগাঁ সদর হাসপাতাল মর্গে। রাজভী উত্তরা হিমাগারের পাশ্ববর্তী পশ্চিম চাপাডাল গ্রামের কাঠমিস্ত্রি শাহীনের মেয়ে। সে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য হিমাগারের ব্যবস্থাপক আজিজার রহমান তোতাসহ ১৮ শ্রমিককে আটক করেছে পুলিশ। নওগাঁর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাফিজ উদ্দীন আহম্মেদ জানান, রাজভী গত শুক্রবার বিকাল ৩ টায় বাড়িতে থেকে বের হয়ে নিখোঁজ হয়। অভিভাবকরা কয়েকদিন খোঁজা-খুঁজির পরও তাকে পায়নি। মঙ্গলবার সকালে শ্রমিকরা হিমাগারের ভিতর থেকে আলুর বস্তা বের করতে গিয়ে রাজভীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে। সহাকারী পুলিশ সুপার বলেন, কোল্ডস্টোরেজের ম্যানেজার তোতাসহ ১৮জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.