২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম কমছে: মির্জ্জা আজিজ

চলতি সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হবে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আবদুর রহিম হারমাছিকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই ও এনটিভি আয়োজিত এক আলোচনা সভার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপদেষ্টা বলেন, "জ্বালানি তেলের দাম এ সপ্তাহের মধ্যেই কমানো হবে।" তবে দাম কী পরিমাণ কমবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করার পর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের নির্দেশে জ্বালানি মন্ত্রণালয় দাম কমানোর বিষয়ে কাজ শুরু করে। সোমবার 'বিশ্ব অর্থনীতি ও আমরা' শিরোনামের আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অর্থনীতিবিদেরা জ্বালানি তেলের দাম কমানোর বিষয়েও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। উপদেষ্টা অনুষ্ঠানে জানান, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। সরকার সর্বশেষ গত ১ জুলাই জ্বালানি তেলের দাম বাড়ায়। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৫৫ টাকা। পেট্রোল ৬৫ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে ৯০ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ১৪২ ডলার। আর সোমবার প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৭৪ ডলারে। ৩০ জুলাই দাম বৃদ্ধির ঘোষণা দেয়ার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে সরকারকে দাম বাড়াতে হয়েছে। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় দেশেও দাম কমানোর বিষয়টি আলোচনায় আসে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের নির্দেশে গত সেপ্টেম্বরে জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কাজও শুরু করে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণের জন্য একটি 'ফর্মুলা' তৈরি করে মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর ম তামিম জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্তমান দাম বজায় থাকলে এক মাসের মধ্যে তেলের দাম কমানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে সময় তিনি বলেন, "সরকার তেলের দাম কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। নতুন ফর্মুলা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২৩১২ ঘ.