সাতক্ষীরা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ঢালী হত্যা মামলায় একই পরিবারের ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুব উল আলম এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছবেদা বেগম, জেন্না বেগম ও জরিনা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন- আশাশুনির একলরা গ্রামের মুজিবর রহমানের ছেলে মোশারফ হোসেন ঢালী, ফজলুর রহমান ঢালী, খোকন ঢালী, আব্দুল হামিদ ঢালী, বদিউজ্জামান ঢালী ও মোক্তার ঢালী, ফজলুর রহমান ঢালীর ছেলে শাহিনুর রহমান ও লুৎফর রহমান, আব্দুল হামিদ ঢালীর ছেলে শহিদুল ইসলাম এবং খোকন ঢালীর ছেলে আকবর আলী ঢালী।
এরা বর্তমানে সাতক্ষীরা কারাগারে রয়েছেন।
২০০২ সালের ১৮ মার্চ বিকেলে স্থানীয় হোগলার হাট থেকে বাড়ি ফেরার পথে আশাশুনির বল্লভপুর গ্রামের সোনা ঢালীর ছেলে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ঢালীকে আসামিরা ধরে নিয়ে রাজাপুর গ্রামের দ্বীন আলীর বাড়ির উঠানে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান ১৩ জনকে আসামি করে আশাশুনি থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মামলায় ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি তপন কুমার চক্রবর্তী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24