ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রবর্তীত পুরস্কার নিলেন বাংলাভিশনের চার প্রতিবেদকসহ ছয় সাংবাদিক।
সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কারের নগদ ৬০ হাজার টাকা তুলে দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলাভিশনের আবু সুফিয়ান, শারমিন রিনভি, মোজাম্মেল শিশির ও শোভন আরেফ এবং প্রথম আলোর শরিফুজ্জামান পিন্টু ও টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক প্রগতির আলোর আনোয়ার সাদাৎ ইমরান।
এ উপলক্ষে টিআইবির পক্ষ থেকে একটি সেমিনারেরও আয়োজন করা হয়।
'দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা' শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাসান মশহুদ চৌধুরী বলেন, "আমাদের দেশে অনুসন্ধানী সাংবাদিকতা এখন জমেনি। প্রতিবেশী দেশের তেহেলকার মতো কোনও উদাহরণ এখনও হয়নি। কেউ ঘুষের টাকা হাতে নিচ্ছে- এমন ঘটনার ছবি তুলতে সাহসের ব্যাপার আছে।"
তিনি বলেন, আমাদের দেশে যারা দুর্নীতির বিরুদ্ধে আছেন বা সৎ মানুষ হিসাবে এলাকায় পরিচিত, তাদের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব এসেছে। পরামর্শটা অত্যন্ত সময়োপযোগী। তবে এর পদ্ধতি স্বচ্ছ রাখা একটি বড় চ্যালেঞ্জ হবে। আমরা এটি নিয়ে কাজ করব।"
সভাপতির বক্তব্যে টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের কোষাধ্যক্ষ এম হাফিজউদ্দিন খান বলেন, "যারা দুর্নীতির জন্য দায়ী, তাদের কিছু হবে বলে মনে করছি না। অভিযান যেভাবে শুরু হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। তারপরও আশা করব, দুর্নীতি বিরোধী অভিযান সফল হবে।"
সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, "আমাদের গণমাধ্যম অনেক সময় অনুসন্ধানী সাংবাদিকতার সব কিছু যোগান দিতে পারে না। আবার যারা পারেন তারাও নানা সীমাবদ্ধতায় শৃঙ্খলিত। একটি বহুজাতিক মোবাইল ফোন কোম্পানির কর ফাঁকির খবর আমাদের প্রধান কোনও সংবাদপত্রে প্রকাশিত হয়নি। আমাদের প্রথম শ্রেণীর দাপটশালী সাংবাদপত্রগুলোর এমনই অবস্থা যে তারা বছরে ৫ কোটি টাকার বিজ্ঞাপন হাতছাড়া করার ঝুঁকি নিতে পারে না, অথবা চায় না।"
বুলবুল বলেন, "এর পাশাপাশি গণমাধ্যমের মালিকানায় দুর্নীতির কারণে এক মালিকের দুর্নীতি অন্য গণমাধ্যমে প্রকাশ করা হয় না। এই প্রবণতা দেশে অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম প্রতিবদ্ধক।"
মূল প্রবন্ধের ওপর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, "আমাদের গণমাধ্যমের অনেক সীামবদ্ধতা আছে। সাংবাদিকরা চাইলেই অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে পারেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24