চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী গ্রাম থেকে র্যাব সদস্যরা একটি কষ্টি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলীউর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব- ৭ এর সহকারী পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব গোমদণ্ডী এলাকার মো. সোলায়মানের বাড়িতে অভিযান চালিয়ে নয়শ গ্রাম ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এদিকে, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে র্যাব সদস্যরা নগরীর পতেঙ্গা থানাধীন মধ্যম হালিশহরস্থ নারিকেল তলা এলাকায় অভযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২১০১ ঘ.
bdnews24