কুষ্টিয়া, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
নিহতের নাম নবীন (৩৬)। তিনি নিষিদ্ধ বামপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য বলে পুলিশ জানায়।
সদর উপজেলার আলামপুর গ্রামে রাত আড়াইটার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার।
তিনি সাংবাদিকদের বলেন, "চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল আলামপুর যায়। গ্রামের পুকুরপাড়া মাঠে ওই বৈঠক চলার সময় পুলিশ সেখানে গেলে চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।"
কিছু সময় গোলাগুলির পর 'চরমপন্থীরা' পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ নবীনের লাশ পাওয়া যায় বলে ওসি জানান।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
নবীনের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নবীন মারা যাওয়ার একদিন আগেই কুষ্টিয়ার নওয়াপাড়া গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়।
গত কয়েক মাসে র্যাব ও পুলিশের কথিত বন্দুকযুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে 'চরমপন্থী' সংগঠনগুলোর বেশ কয়েকজন নেতা নিহত হন। এদের মধ্যে জনযুদ্ধ প্রধান তপন মালিথা, লাল পতাকা প্রধান ডা. টুটুল ও কমিউনিস্ট যুদ্ধের প্রধান রনি বিশ্বাসও রয়েছেন।
স
bdnews24