২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগে চারজনের নাম প্রস্তাব

আপিল বিভাগে নতুন দুই বিচারপতি নিয়োগের জন্য হাইকোর্ট বিভাগের চার জ্যেষ্ঠ বিচারপতির নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগে নতুন দুই বিচারপতি নিয়োগের জন্য হাইকোর্ট বিভাগের চার জ্যেষ্ঠ বিচারপতির নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কমিশন। এই বিচারপতিরা হলেন শাহ আবু নাঈম মোমিনুর রহমান, মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুল আজিজ ও বি কে দাস। নয় সদস্যের কমিশনের আট সদস্য বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের সভাপতিত্বে তার খাস কামরায় বৈঠক করেন। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সভায় উপস্থিত ছিলেন না। বৈঠকের পর কমিশনের সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আপিল বিভাগে নিয়োগের জন্য নাম প্রস্তাবে বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়নি দাবি করে ব্যারিস্টার শফিক বলেন, "কমিশনের বৈঠকে কেবল আপিল বিভাগের বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। জ্যেষ্ঠতারভিত্তিতে হাইকোর্ট বিভাগের চার বিচারপতির নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।" তিনি বলেন, "হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে আজকের (বৃহস্পতিবার) বৈঠকে কোন আলোচনা হয়নি। কমিশনের পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। তবে কি পদ্ধতিতে হাইকোর্টে বিচারপতি নিয়োগ দেওয়া হবে তার একটি খসড়া তৈরি করার জন্য আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে আপিল বিভাগে বিচারপতি আছেন ৫ জন। বিচারপতি সংকটের কারণে গত পাঁচ মাসে আপিল বিভাগে একটি মাত্র বেঞ্চ কাজ করছে। অতীতে প্রধান বিচারপতির সুপারিশে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট বিচারপতি নিয়োগ দিতেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করে। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশনের অপর সদস্যরা হচ্ছেন আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ, আপিল বিভাগের তিন জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. ফজলুল করিম, বিচারপতি তাফাজ্জল ইসলাম, বিচারপতি জয়নুল আবেদীন, হাইকোর্টের দুই জ্যেষ্ঠ বিচারক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, বিচারপতি মো. আব্দুল কুদ্দুস, এটর্নি জেনারেল সালাহউদ্দিন আহম্মেদ ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৮৩৫ ঘ.