ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ছয় বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে আগামী ২৩ অক্টোবর।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার দেবেন বলে সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
গত ছয় বছর চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অবদানের জন্য নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের পুরস্কার দেওয়া হবে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে তথ্য সচিব জামিল ওসমানের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার এক সভা হয়। সভায় অনুষ্ঠান আয়োজনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা, তদারকি ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সচিবের নেতৃত্বে ২৭ সদস্যের একটি সাংগঠনিক ও ব্যবস্থাপনা কমিটি কাজ করছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24