খুলনা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান ইবনে জামানকে (৪৮) সোমবার রাতে নগরীর খালিশপুর হাউজিং এস্টেটের বাসায় শ্বাসরোধ ও জবাই করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাসার তিন কর্মচারীকে আটক করেছে। এরা হলেন- ফারুক, মকবুল ও তুফানী।
তাদের খালিশপুর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার (সদর) শাহাদাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত পৌনে ৮টায় পুলিশ এ হত্যাকাণ্ডের খবর পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সময় খান ইবনে জামান বাসায় একা ছিলেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তার বাসায় তল্লাশি চালাচ্ছে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।"
খান ইবনে জামানের দাফনের পর হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জেকে/২৩৪০ ঘ.
bdnews24