২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সরকার এলে দুর্নীতি বাড়বে- এ ধারণা ঠিক নয়: হাসান মশহুদ

রাজনৈতিক সরকার এলে দুর্নীতি বেড়ে যাবে আর নির্দলীয় সরকার থাকলে কমে যাবে- এমন ধারণা ঠিক নয় বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পাল্টাবে। গণতন্ত্র ফিরে আসবে। আমরা সেটাই চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

পটুয়াখালী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনৈতিক সরকার এলে দুর্নীতি বেড়ে যাবে আর নির্দলীয় সরকার থাকলে কমে যাবে- এমন ধারণা ঠিক নয় বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, "নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পাল্টাবে। গণতন্ত্র ফিরে আসবে। আমরা সেটাই চাই।" সোমবার দুপুরে পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধুরী এ কথা বলেন। রাজনৈতিক সরকারের সময় কাজ করার বিষয়ে তিনি বলেন, "আমারা সবাইকে নিয়ে কাজ করতে চাই। তবে কোন সমঝোতা বা কাউকে ছাড় দেওয়া হবে না।" দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেন, "আমরা দুর্নীতি দমনের অঙ্গীকার নিয়ে কাজ করছি। যদি কেউ প্রমাণ করতে পারে দুদক কথা রাখেনি, সেদিন চাকরি ছেড়ে দেব।" দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত সততা ও স্বচ্ছতার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি। জেলা প্রশাসক রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মেজর শাহরিয়ার, পুলিশ সুপার মো. আশরাফুর রহমান, জেলা আনসার অ্যাডজুট্যান্ট দিদারুল আলম, শিক্ষা অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদূর রাজ্জাক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ঘ.