গাজীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে সদর উপজেলার সালনায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রোববার ব্যাপক ভাংচুর করেছে।
এ সময় এলাকাবাসী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সজীব দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তেজিত শ্রমিকরা বিকেল ৫টার দিকে ভবনের দক্ষিণ প্রান্তের সিঁড়ি দিয়ে ভাঙচুর করতে করতে নিচে নামে। তারা প্রত্যেক তলার ফিঙ্গার প্রিন্ট মেশিন, বেশ কিছু বৈদ্যুতিক বাতি, সেলাই মেশিন ও জালানার কাচ ভাংচুর করে। এছাড়া টিফিনের জন্য আনা রুটি, কলা ও ডিম তছনছ করে।
তিনি বলেন, "ঘটনার সময় কারখানায় বিভিন্ন পণ্য সরবরাহকারী কয়েকজন স্থানীয় যুবক শ্রমিকদের ধাওয়া করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে শ্রমিকদের সঙ্গে ওই যুবক ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।"
সজীব দত্ত জানান, শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে জয়দেবপুর থানা পুলিশ তাদের বাধা দেয়। পরে গাজীপুর পুলিশ লাইন থেকে আরও দাঙ্গা পুলিশ এসে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোনো মামলা বা গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রীতি গ্র"পের বেশ কয়েকজন শ্রমিক জানান, এবারের ঈদুল ফিতরের ছুটির আগে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত কাজের মজুরি পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। বাকি ১০ দিনের মজুরি পরিশোধের দাবিতে রোববার বিকেল ৫টার দিকে ভবনের ৬ষ্ঠ তলার শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে।
এ ব্যাপারে প্রীতি গ্র"পের সহকারী মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১৫ অক্টোবর বকেয়া পরিশোধের কথা ছিল। হঠাৎ করেই নিটিং বিভাগের শ্রমিকরা উদ্দেশ্যমূলকভাবে ভাঙচুর শুরু করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24