নোয়াখালী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ভিজিডি (ভালনার্যাবল গ্র"প ডেভেলপমেন্ট) কর্মসূচির চাল সরিয়ে রাখাকে কেন্দ্র করে শনিবার রাতে ইউপি সদস্য ও তাদের সমর্থকদের হামলায় ১২ এলাকাবাসী আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ রাতেই চালগুলো উদ্ধার করে।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে দত্তেরহাট খাদ্যগুদাম থেকে একটি পিকআপে করে ভিজিডির চাল নোয়াখালী ইউনিয়ন পরিষদে নেওয়ার সময় বাংলাবাজারের দক্ষিণে গোল্ডেন ফিস ফুডের কারাখানায় আট বস্তা চাল সরিয়ে রাখা হয়।
সরিয়ে রাখা চালগুলো রাতে কালোবাজারে বিক্রি করা হবে- এমন খবর পেয়ে স্থানীয় কয়েক হাজার লোক গোল্ডেন ফিস ফুডের কারাখানা ঘেরাও করে রাখে। খবর পেয়ে রাতেই নোয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প চেয়ারম্যান দেলোয়ার হোসেন ধনু, আকবর হোসেন ও ফারুক চালগুলো নিয়ে যেতে চাইলে লোকজন তাতে বাধা দেয়।
এক পর্যায়ে তাদের সমর্থকরা এলাকাবাসীর উপর হামলা চালিয়ে চালগুলো নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এতে ১২ জন আহত হন। আহতদের মধ্যে মঞ্জুরুল ইসলাম (৩৫), বেলাল হোসেন (৩৫), আবদুল মন্নান (২০) ও রফিক উল্লাকে (৩১) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রাতে চাল উদ্ধার করে ভাটিরটেক চৌমুহনী বাজার কমিটির সভাপতি নজির আহাম্মদের জিম্মায় রেখে আসে। রোববার বিকেলে সুধারাম থানার উপপরিদর্শক কৈশোনুর নেতৃত্বে পুলিশের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে যান।
নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান চাল সরিয়ে রাখার অভিযোগ অস্বীকার করে বলেন, বাংলাবাজার এলাকার ভিজিডি কার্ডধারী লোকজন তাদের চাল সেখানে বিতরণের জন্য পিকআপ আটক রাখে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
হাতাহাতিতে দেলোয়ার হোসেন নামে একজন চৌকিদারও আহত হন বলে তিনি দাবি করেন।
চেয়ারম্যান আরও দাবি করেন, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24