ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব শামসুল আলম ও তার স্ত্রী খাদিজা আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
রোববার বিকেলে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এই আদেশ দেন।
দুর্নীতি দমন কবমিশন গত ২৩ মার্চ রমনা থানায় এ মামলা দায়ের করে। কমিশনের উপ সহকারী পরিচালক রেজাউল হাসান তরফদার গত বুধবার এ মামলায় শামসুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
এতে বলা হয়, আসামিরা তাদের ঘোষিত আয়ের বাইরে ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জন করেছেন এবং কমিশনে জমা দেয়া সম্পদের হিসাব বিবরণীতে ১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
শামসুল ও খাদিজা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24