২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের সময় বাড়াতে বিএনপি ও জামায়াতের আবেদন

রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর জন্য লিখিত আবেদন করেছে বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 06:29 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর জন্য লিখিত আবেদন করেছে বিএনপি ও তাদের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী। রোববার সকালে চারদলীয় জোটের এ দুই সদস্যের পক্ষ থেকে সময়সীমা বাড়ানো সংক্রান্ত পৃথক দুটি আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়। মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিএনপির চিঠিতে বলা হয়, ১৪ অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপের তারিখ নির্ধারিত হওয়ায় ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধনের প্রস্তুতি সম্পন্ন করা 'কঠিন হয়ে যাবে'। এক সপ্তাহ সময় বাড়িয়ে দিলে দল নিবন্ধন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে বলে এতে উল্লেখ করা হয়। আবেদনপত্র জমা দেওয়ার পর বিএনপি'র প্রতিনিধি দল সিইসি'র সঙ্গে বৈঠকে বসেন। তবে জামায়াতের কেউ এতে অংশ নেননি। জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ স্বাক্ষরিত চিঠিতে প্রায় বিএনপির অনুরূপ যুক্তি দেখানো হয়। ১৪ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপের পর বিকেলে প্রধান উপদেষ্টার জামায়াতের সঙ্গে বসার কথা। দলের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," ১৫ অক্টোবরের নির্ধারিত সময় পার হতে এখনো দেরি রয়েছে। তবু সময় বাড়ানোর লিখিত প্রস্তাব পেলে তা বিবেচনা করা হবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ইএইচবি/এসকে/১৩৩৪ঘ.