২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উপদেষ্টা-বৈঠকের আপ্যায়ন খরচ বাড়ার খবর ভিত্তিহীন'

গত সরকারের সময়ের তুলনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের আপ্যায়ন খরচ বেড়ে যাওয়ার অভিযোগ 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সরকারের সময়ের তুলনায় উপদেষ্টা পরিষদের বৈঠকের আপ্যায়ন খরচ বেড়ে যাওয়ার অভিযোগ 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিবের দেয়া তথ্য তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা পরিষদের বৈঠকের আপ্যায়ন খরচ বিগত জোট সরকারের মন্ত্রিসভার বৈঠকের তুলনায় কম হচ্ছে। রোববার একটি জাতীয় দৈনিকে 'উপদেষ্টা পরিষদের বৈঠকে আপ্যায়ন ব্যয় বাড়ছে'- এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার আপ্যায়ন খরচের একটি হিসাব সন্ধ্যায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করেন। দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'জোট সরকারের সময় ৬০ সদস্যের মন্ত্রিসভার একটি বৈঠকে আপ্যায়নের জন্য ১০ হাজার টাকা সর্বোচ্চ খরচ হলেও এখন ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের জন্য খরচ হচ্ছে ২৬ হাজার টাকা।' ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "এ প্রতিবেদনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিবেদনটি প্রকাশ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা উচিত ছিল।" মন্ত্রিপরিষদ সচিবের দেওয়া তথ্যের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ২০০৫ সালে তৎকালীন জোট সরকারের সময় মন্ত্রিপরিষদের মোট ৩৯টি বৈঠক হয়। ওই বছর আপ্যায়ন বাবদে বৈঠক প্রতি খরচ হয় ১১ হাজার ২৮৪ টাকা। ২০০৬ সালে বৈঠক হয় ৩৮টি এবং বৈঠক প্রতি খরচ হয় ১৩ হাজার ৩৭ টাকা। অন্যদিকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রথম বছর, অর্থাৎ ২০০৭ সালে উপদেষ্টা পরিষদের ৭৪টি বৈঠকে আপ্যায়নের জন্য বৈঠক প্রতি খরচ হয়েছে ১২ হাজার ২৯৬ টাকা। আর চলতি বছরে এ পর্যন্ত অনুষ্ঠিত হয় ৫২টি বৈঠকের ক্ষেত্রে গড়ে ৯ হাজার টাকা করে খরচ হয়েছে বলে ফাহিম মুনয়েম জানান। তিনি জানান, এই হিসাবের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের খরচও সমন্বয় করা হয়েছে। প্রেস সচিব বলেন, "জোট সরকারের সময় ৬০ সদস্যের মন্ত্রিসভার সবাই বৈঠকে উপস্থিত হতেন না। কারণ অনেকেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ছিলেন। কেবল মন্ত্রণালয় অথবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরাই মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকতেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জেকে/এমএইচবি/২০৫৫ ঘ.