যশোর, ১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বুধবার ভোরে যশোরে কলকাতাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। (আরও তথ্যসহ)
গ্রীনলাইন এর ভলভো কোচটি যশোর শহর থেকে আট কিলোমিটার উত্তরে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে যায়।
যশোর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ পরিদর্শক রেজাউল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার নামে স্থানীয় দুর্বৃত্তরা গাড়িতে লুটপাট চালায়। তারা অনেক যাত্রীর পাসপোর্ট ও টিকিট পর্যন্ত নিয়ে যায় যে কারণে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
তবে নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। আর কে ধোরা নামে ওই ভারতীয় পেশায় একজন চিকিৎসক এবং তিনি ঢাকায় নিয়মিত রোগী দেখতে আসেন বলে একটি সূত্র জানায়।
নিহত অন্য ব্যক্তির নাম পরিমল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
গ্রামবাসী গুরুতর আহতদের যশোর আড়াইশ' শয্যার হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৩২৪ঘ.
bdnews24