ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
পাশাপাশি গত জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতাকে কেন 'আইনগত কর্তৃত্ববহির্ভূত' ঘোষণা করা হবে না আদালত তার কারণও জানতে চেয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, এর সচিব ও আইন সচিবকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর রোববার সংক্ষিপ্ত শুনানি গ্রহণ শেষে এ আদেশ দেন।
রিটে ব্যারিস্টার সোবহান ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য আদালতের নির্দেশনা চান।
শুনানিতে ব্যারিস্টার সোবহান বলেন, "নির্বাচন কমিশন ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ দিয়েছে। তবে এর আগে ভোটার তালিকা, পরিচয়পত্র ও সংলাপের শর্ত জুড়ে দিয়েছে। পরিচয়পত্র তৈরির যুক্তিতে নির্বাচন বিলম্বিত হতে পারে না। সংবিধান অনুযায়ী নির্বাচনের জন্য কমিশনের কোনো রোডম্যাপ ঘোষণার ক্ষমতা নেই। রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকারও ক্ষমতা তার নেই।"
শুনানিতে তিনি আরও বলেন, বিগত নির্বাচিত সরকার ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। ৯০ দিনের মধ্যে নির্বাচন না করে নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে।
সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে জানিয়ে ব্যারিস্টার সোবহান বলেন, "নির্বাচন কমিশন কি সংবিধানের বাইরে গিয়ে ৯০ দিনের বেশি সময় বৃদ্ধি করতে পারে? জাতীয় পরিচয়পত্র করার একটি আইন করে কি সরকার নির্বাচন অনুষ্ঠানের সময় বাড়িয়ে দিতে পারে? সংবিধানের ওপরে কি ওই আইনের অবস্থান হবে?"
শুনানিতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "বর্তমান সরকারকে অন্তবর্তী সরকার ঘোষণা চেয়ে এবং এ সরকার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরও উপদেষ্টা নিয়োগের নির্দেশ চেয়ে মাসুদ রেজা সোবহান আগে আরেকটি রিট করেছিলেন। তখন তাকে মনে হয়েছিল সরকারের শুভাকাক্সক্ষী। কিন্তু এখন মনে হচ্ছে তিনি রাজনৈতিক দলগুলোর পক্ষের লোক।"
সালাউদ্দিন আহমেদ বলেন, সবকিছু সরকারের ওপর নির্ভর করে না। সরকার চাওয়ার পরও যদি নির্বাচন কমিশন না চায় তাহলে নির্বাচন হবে না। তিন মাসের মধ্যে যদি হতে হয় তাহলে নির্বাচন না হওয়াই ভাল।
আদালত বলেন, নির্বাচনে বিষয়ে কে কী চায় তাতে কিছু যায় আসে না। নির্বাচন কমিশন যা চাইবে তাই হবে। নির্বাচন কমিশন যখন নির্বাচন করতে চাইবে তখনই নির্বাচন হবে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শুনানি মূলতবির আবেদন জানান। তিনি বলেন, "৯০ দিনের মধ্যে নির্বাচন করা কেন সম্ভব নয় আগামীকাল আমি তার ব্যাখ্যা দেব।"
আদালত এ সময় বলেন, আমরা ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়ে কোনো আদেশ দেব না।
রিট আবেদনে বলা হয়, বিচারপতি এম এ আজিজের পদত্যাগের পর নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধতা ছিল। কিন্তু নতুন ভোটার তালিকা করার দায়িত্ব নেয় কমিশন। এরপর জাতীয় পরিচয়পত্র তৈরির প্রশ্ন আসে। এর সুযোগ নিয়ে নির্বাচন কমিশন বলেছে, সমস্ত প্রক্রিয়া শেষ করে ২০০৮ সালের শেষ নাগাদ নির্বাচন করা সম্ভব হবে। কিন্তু অদক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দুই বছর দেশ চালাতে দেওয়া যেতে পারে না। তাই রুল জারির ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দেওয়া হোক।
নির্বাচন কমিশন সারাদেশে একযোগে কেন ভোটার তালিকা প্রণয়নের কাজ করছে না- প্রশ্ন তুলে আবেদনে বলা হয়, নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো আইনি বা সাংবিধানিক বাধ্যবাধকতা নেই কমিশনের। এতদিন অদক্ষ লোক দিয়ে অনির্বাচিত সরকার চালানো হয়েছে। এই সরকার দু'বছর দেশ চালাবে। বিষয়টি সাংবিধানিক ম্যান্ডেটের বাইরে।
রিটকারীকে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার ফাতেমা এস চৌধুরী ও অ্যাডভোকেট সাইফুল করিম।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১১৭ ঘ.
bdnews24