ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে সংলাপের চিঠির বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিট আবেদন খারিজের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে বুধবার আবেদনটি করা হয়। বৃহস্পতিবার এর ওপর শুনানি হবে।
আবেদনে বলা হয়, নির্বাচন কমিশন সাতবার রিটটি শুনানির উদ্যোগ নেয়। কিন্তু রিটকারী বিবাদীদের বাসার ঠিকানায় নোটিশ না পাঠানোয় শুনানি হতে পারছে না।
রিটকারী পক্ষকে আদালত আদেশ দেওয়ার পরও এ মামলার ৭ থেকে ১৩ নং বিবাদীদের বাসার ঠিকানা দেওয়া হয়নি। তাই রিটটি খারিজযোগ্য।
নির্বাচন কমিশনের পক্ষে ড. কামাল হোসেন আদালতে বলেন, রিটের রুলের নোটিশ প্রতিপক্ষদের প্রতি জারি করার জন্য আদালত যে নিদের্শ দিয়েছিল রিট আবেদনকারী তা মানেননি। প্রতিপক্ষদের বাসার ঠিকানাও দেওয়া হয়নি। রিটকারী প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় নোটিশ জারি হয়নি। এজন্য আদালত রিটের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণের জন্য তারিখ দিতে পারছে পারছে না।
খালেদার পক্ষে ব্যারিস্টার নওশাদ জমির আদালতে বলেন, নির্বাচন কমিশনের কৌঁসুলির অভিযোগ ঠিক নয়। সাইফুর রহমানসহ বিএনপির ছয়জন স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনকে মূল রিটে পক্ষ করা হয়নি। আদালতের নির্দেশে তাদের বিবাদী করা হয়েছে। বিএনপির কর্মকর্তা বলে তাদের ঠিকানা বিএনপির কার্যালয়- ২৮/১, নয়াপল্টন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনের পক্ষে ড. শাহদীন মালিক পক্ষভুক্তির যে আবেদন দিয়েছিলেন তাতেও হাফিজের ঠিকানা বিএনপির কার্যালয় উল্লেখ করা হয়েছে।
আদালত এ সময় বলেন, বিএনপির অফিস ২৮/১, নয়াপল্টনের ঠিকানায় আদালতের নোটিশ গিয়েছিল বলে সার্ভিস রেকর্ডে উল্লেখ রয়েছে। তবে অফিস তালাবদ্ধ থাকায় সাইফুর রহমানসহ বিবাদীদের প্রতি নোটিশ জারি না হয়েই ফেরত আসে।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আমরা রিটটির চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুত আছি। সাইফুর রহমানসহ বিবাদীদের বাসার ঠিকানা উল্লেখ করে একটি সম্পূরক আবেদন তৈরি আছে।
আদালত বলেন, সম্পূরক আবেদন নয়। একটি আলাদা আবেদন জমা দিতে হবে।
পরে বুধবার বিকেল সোয়া ৫ টায় রিটকারীপক্ষ নতুন আবেদন জমা দেয়। নির্বাচন কমিশনের আরেক কৌঁসুলি ব্যারিস্টার আশরাফুল হাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "বিবাদীদের বাসার ঠিকানায় নোটিশ জারি হবে। বিশেষ বার্তাবাহকের মাধ্যমে এই নোটিশ জারি করার জন্য আদালতে আবেদন জানাবে নির্বাচন কমিশন। নোটিশ জারি হলে আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে মামলাটি প্রস্তুত বলে নোট দেওয়া হবে। তারপরই এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, রিটকারীর কৌঁসুলি ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সাইফুর রহমানসহ বিবাদীদের বাসার ঠিকানা যুক্ত করে আবেদন জমা দেওয়া হবে। এরপর আদালত তাদের বাসার ঠিকানায় নোটিশ পাঠাবে। সেই নোটিশ জারি হয়ে ফেরত আসলে সুপ্রিম কোর্টের অফিস থেকে রিটটি শুনানির জন্য প্রস্তুত উল্লেখ করে আদালতে নোট পাঠানোর পর রিটের শুনানি শুরু হতে পারে।"
গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে দেয় হাইকোর্ট।
হাফিজকে ৫ নভেম্বর দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ও মেজর হাফিজের প্রতি রুল জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০২১ ঘ.
bdnews24