চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে বুধবার সকালে ৩০ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র্যাব। তবে ওই অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, নোয়াপাড়া গ্রামের নিরামিষপাড়া এলাকার মসজিদের কবরস্তান থেকে সকাল ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, সন্ত্রাসীরা অবস্থান করছে বলে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় র্যাব অভিযান চালায়। তবে র্যাব যাওয়ার আগেই সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা কবরস্তান তল্লাশি করে অস্ত্র ও গুলি পায়।
অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শরিফুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫১৫ ঘ.
bdnews24