ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন, সরকার পণ্যের উৎপাদন, সরবরাহ ও দামসংক্রান্ত তথ্যপ্রবাহ শক্তিশালী ও সুগম করার উদ্যোগ নিয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার জানিয়েছেন তিনি।
বিকেলে মোহাম্মদপুর কৃষি মার্কেটে চাল ও তেলের পাইকারি বাজার পরিদর্শনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাণিজ্য উপদেষ্টা বলেন, "সরকার বাজারের তথ্যপ্রবাহ শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এতে ইতিবাচক ফল আসবেই। উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা শ্রেণীর মধ্যে সমন্বয় আনা গেলে বাজার পরিস্থিতি মানুষের নাগলে থাকবে। সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চায়। এজন্য আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।''
শুক্রবার বিকেলে অনির্ধারিতভাবে কৃষি মার্কেটে যান বাণিজ্য উপদেষ্টা। সেখানে তিনি পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে খোলামেলা আলাপ করেন। চাল ও তেলের বাজার পরিস্থিতি ও বাজারদর স্বাভাবিক রাখার বিষয়ে ব্যবসায়ীদের মতামত শোনেন।
হোসেন জিল্লুর বলেন, "ভোক্তা, ব্যবসায়ী ও উৎপাদকের মধ্যে সমন্বয় করার দায়িত্বটি সরকারেরই। কোথায় কী পরিমাণ সরবারহ প্রয়োজন, কোথায় ঘাটতি আছে, পণ্যের দাম ও ধরনের মতো বিষয়গুলো সবসময় মনিটরিং করা গেলে বাজার স্বাভাবিক হয়ে আসবে। সরকার যদি বাজার সর্ম্পকে সঠিক পূর্বাভাস পায়, তা হলে আগাম ব্যবস্থা নেওয়া যাবে। এ কাজটি করাই আমাদের এ উদ্যোগের উদ্দেশ্য।''
পর্যায়ক্রমে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজার সরেজমিনে পরির্দশন করবেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "চালের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। মাঠের অবস্থা জানতেই আমরা বাজার পরির্দশন করছি।"
উপদেষ্টা গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে বাজার পরিস্থতি নিয়ে বৈঠক করেন। সেখানে বিশেষজ্ঞরা বাজারের পূর্বাভাস দেওয়ার জন্য পর্যাপ্ত তথ্যের অভাবের কথা বলেন এবং উৎপাদন, সরবরাহ ও দাম সংক্রান্ত তথ্যের প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24