২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ কর্মসূচিতে ৫ লাখ ৭০ হাজার পরিবারকে খাদ্য সরবরাহ করা হবে

দেশের বিভিন্ন দারিদ্র প্রবণ এলাকার ৫ লাখ ৭০ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় আগামী ৫ মাস খাদ্য সরবরাহ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --দেশের বিভিন্ন দারিদ্র প্রবণ এলাকার ৫ লাখ ৭০ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় আগামী ৫ মাস খাদ্য সরবরাহ করা হবে। রোববার এক সরকারি ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে খাদ্য নিরাপত্তা মজুদ, খাদ্যশস্য উৎপাদন, আমদানী, ও সরবরাহ পরিস্থিতি এবং সরকারি খাদ্যশস্য বিতরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অবিলম্বে দেশে ১০ লাখ টন খাদ্যশস্য আমদানির বিষয়টি পুনরায় উল্লেখ করা হয়। বৈঠকে জানানো হয়, ইতিমধ্যে সাড়ে তিন লাখ টন খাদ্যশস্য আমদানী করা হয়েছে। সাড়ে ৬ লাখ টন খাদ্যশস্য আমদানির কার্যক্রম জোরদার করা হয়েছে। বেসরকারি মাধ্যমে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানী অব্যাহত আছে। জানুয়ারি মাসে সারা দেশে প্রতি কেজি ২৫ টাকা দামে ৪৫ হাজার টন চাল খোলা বাজারে বিক্রি করা হবে। বিডিআর এর মাধ্যমে ২০ হাজার টন ও ডিলারদের মাধ্যমে ২৫ হাজার টন চাল বিক্রি করা হবে। সিডর-উপদ্রুত অঞ্চলে ইতিমধ্যে বরাদ্দকৃত ২৬ লাখ পরিবারের অতিরিক্ত হিসাবে দারিদ্রপ্রবণ এলাকার ৫ লাখ ৭০ হাজার পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় আগামী ৫ মাস খাদ্য সরবরাহ করা হবে। বৈঠকে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বীজ, সার, সেচ, জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহের প্রস্তুতি সম্পন্ন করার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। এছাড়া উপদেষ্টা পরিষদ আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সংশোধনের প্রস্তাব ও ট্রেডমার্কস অধ্যাদেশ ২০০৮ এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৫৯ঘ.