২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় সাবেক মন্ত্রীর জন্য দুদকে বাড়তি নিরাপত্তা

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে দুর্নীতি দমন কমিশনে তলব করা জোট সরকারের ছয় সাবেক মন্ত্রীর জন্য কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার তাদের কমিশনে যাওয়ার কথা। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিশন কার্যালয়ে বাড়তি পাঁচ প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে দুর্নীতি দমন কমিশনে তলব করা জোট সরকারের ছয় সাবেক মন্ত্রীর জন্য কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার তাদের কমিশনে যাওয়ার কথা। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিশন কার্যালয়ে বাড়তি পাঁচ প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। সোমবার কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে (দুদক) নিরাপত্তা বলয় থাকবে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা হয়েছে।" তিনি আরো বলেন, "তারা সবাই মন্ত্রী ছিলেন। এটি মাথায় রেখে তাদের জন্য সম্মানজনক আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে।" নিরাপত্তার বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, "স্বাভাবিকভাবে যত পুলিশ সদস্য দায়িত্ব পালন করে থাকেন, তাদের বাইরে বাড়তি পাঁচ প্লাটুন (১৫০ জন) পুলিশ সদস্য দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সকাল থেকেই মোতায়েন রাখা হবে।" খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা কমিশনের দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে ২০০৩ সালের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য ছয় সাবেক মন্ত্রীকে কমিশনে তলব করা হয়েছে। এ ব্যাপারে কমিশন এক চিঠিতে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় তাদের কমিশন কার্যালয়ে উপস্থিত হতে বলেছে। যে ছয়জনকে কমিশনে তলব করা হয়েছে তারা হলেন, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, তথ্যমন্ত্রী শামসুল ইসলাম ও বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কমিশন কার্যালয়ে যাওয়া সম্পর্কে আব্দুল মান্নান ভূইয়া সোমবার সাংবাদিকদের জানান, চিঠি না পেলেও তিনি মঙ্গলবার কমিশন কার্যালয়ে যাবেন। তিনি সে সময় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি বলেন, "ইতিমধ্যে আরো ২/১ জনের সঙ্গে আমার কথা হয়েছে। তারাও বলেছেন, কাল কমিশনে যাবেন।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এলএইচ/এসএম/এমএসবি/এমএইচবি/২০৫৪ ঘ.