ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের মিথ্যা তথ্য এবং আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সরকারি কর্ম কমিশন এর সাবেক সদস্য অধ্যাপক মাহফুজুর রহমানের বিরুদ্ধে রোববার একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় এ মামলা দায়ের করে।
কাফরুল থানার সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকেল ৫টার দিকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হেলালউদ্দীন শরীফ মামলাটি দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, অধ্যাপক মাহফুজ এক লাখ ৬৭ হাজার ৭৪৯ টাকা মূল্যের সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন।
এছাড়া দর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৮৬৭ টাকার সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর সাবেক এ সদস্যের বিরুদ্ধে ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় ঘুষ গ্রহণসহ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রথম ৫০ জন দুর্নীতিবাজের তালিকায় অধ্যাপক মাহফুজের নাম রয়েছে। বর্তমানে তিনি পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএ/২০৩৮ ঘ.
bdnews24