ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা যাবে কিনা তা নিয়ে সরকার নিশ্চিত নয়।
শনিবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের পরিষদ গঠনের জন্য দীর্ঘ সময় প্রয়োজন। ফলে সরকার এই সময়ে এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে ধারনাটি ভালো বলেই আমরা পরিকল্পনাটি হাতে নিয়েছি। আমরা পুরোপুরি বাস্তবায়ন করে যেতে না পারলে আগামী সরকার এসে করবে।"
ব্যারিষ্টার মইনুল হোসেন আরো বলেন, "দেশের সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিষয়টিকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্যই সাংবিধানিক পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য ব্যক্তিরাই নিয়োগ পাবেন।"
উপদেষ্টা মনে করেন, সাংবিধানিক পরিষদ করা হলে পিএসসি, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, হাইকোর্টের বিচারক কিংবা মহাহিসাব নিরীক্ষকের মতো সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে।
বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সাংবিধানিক পরিষদ অধ্যাদেশ ২০০৭ তৈরির বিষয়ে আলোচনা হয়। এরপর প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে খসড়া তৈরির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
নাম প্রকাশ না করা শর্তে ওই বৈঠকে উপস্থিত একজন জানান, একজন চেয়ারম্যান ও সাতজন সদস্যে নিয়ে এ ধরনের পরিষদ গঠন করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে এ কমিটি করা যায় কি না সে বিষয়েও একটি প্রস্তাব এসেছে।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে নির্দেশ পাওয়ার পর মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। নেপাল ও শ্রীলঙ্কায় এ ধরনের পরিষদ কার্যকর রয়েছে। মূলত এসব দেশের সাংগঠনিক কাঠামোর আলোকেই বাংলাদেশের জন্য একটি খসড়া দাঁড় করানোর চেষ্টা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএ/২০৫৩ ঘ.
bdnews24