২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ইউপি সদস্য মুছা হক ও শামসুল ইসলাম হত্যা মামলার রায়ে দুই জনের ফাঁসি ও নয় জনের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 01:04 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ইউপি সদস্য মুছা হক ও শামসুল ইসলাম হত্যা মামলার রায়ে দুই জনের ফাঁসি ও নয় জনের কারাদণ্ড দিয়েছে আদালত। চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ- ২ এর বিচারক এস এম শাহজামাল মাশরেকী বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। মামলার রায়ে সদর উপজেলার তিতুদহ গ্রামের তাহাজ্জেল হোসেন নোতা ও রবজেল আলীকে ফাঁসি ও অন্য নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাসুদ রানা, খবির উদ্দিন, আসাদুল, জুলু, মহির, আরমান, বিল্লাল হোসেন, ছমির ও জসিম উদ্দিন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৯ সালের ৯ জানুয়ারী একদল সন্ত্রাসী হিজলগাড়ি বাজার থেকে ইউপি সদস্য মুছা হক ও শামসুল ইসলামকে অপহরণ করে। পরদিন পাশের উকতো গ্রামের কুয়ার মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুছা হকের ভাই দাউদ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদুল হক ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অবশ্য বিচারকাজ চলার সময় পলাতক এক আসামি ফরজ আলী 'ক্রসফায়ার' এ মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৮৫০ ঘ.