রংপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর ও নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আল্লাহর দলের আঞ্চলিক কমান্ডার আব্দুল মাবুদ থামীমসহ চার সদস্যকে মঙ্গল ও বুধবার গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণের নোট বইসহ বিভিন্ন বই উদ্ধার করা হয়।
রংপুর ক্যাম্পের র্যাব-৫এর দায়িত্বরত কর্মকর্তা মেজর আরাফাত জানান, মঙ্গলবার রাতে শহরের বাবুপাড়া মহল্লায় একটি বাড়ি থেকে আল্লাহর দলের আঞ্চলিক কমান্ডার থামীমকে (১৯) গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নীলফামারীর ডোমার উপজেলার রাহুদা গ্রাম থেকে ওই দলের আরো তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন আলী হোসেন ফেকু (২০), এরশাদ হোসেন এরশাদ (১৮) ও জামাল উদ্দিন (২২)।
মেজর আরাফাত বলেন, "থামীমের নেতৃত্বে আল্লাহর দল ডোমার উপজেলায় তাদের কর্মকাণ্ড শুরু করে। থামীম স্বীকার করেছে যে ডোমার উপজেলায় তাদের চার মহিলা সদস্যসহ বেশ কয়েকজন সক্রিয় সদস্য আছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২৫৭ ঘ.
bdnews24