চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের দুটি বাজারে অভিযান চালিয়ে সাত ব্যবসায়ী ও ১৪টি প্রতিষ্ঠানকে ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে নগরীর বক্সির হাট ও কাজীর দেউরী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে ওইসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বক্সির হাটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশেষ মহানগর হাকিম জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে মহিষের মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি, স্বাস্থ্য লাইসেন্স গ্রহণ না করা, ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ব্যবহার ও অপরিচ্ছন্নতার দায়ে সাত ব্যবসায়ী ও তিনটি হোটেলকে মোট ৫২ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
সাইফুদ্দিন আহমেদ আরো জানান, কাজীর দেউরী মোড় ও দামপাড়া এলাকায় করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহানের নেতৃত্বে পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে ১১টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24