ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামকে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে মুক্তি দেওয়ার আবেদন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। অন্যদিকে, ব্র্যাকের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে তাদের কর্মীদের অপহরণ বা হত্যার ঘটনা রাজনৈতিক কারণে হয়ে থাকলে সেখানে সংস্থার কার্যক্রম পরিচালনার কৌশলে পরিবর্তন আনা হতে পারে।
সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "নুরুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অপহরণকারীদের প্রতি আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আফগানিস্তানে তিনি কেবল মানবিক সহায়তা কাজের সঙ্গে জড়িত ছিলেন।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অপহৃত ব্র্যাক কর্মকর্তার মুক্তির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা সোমবার বাংলাদেশে আফগান রাষ্ট্রদূত আহমেদ করিম নওয়াবির সঙ্গেও কথা বলেন। এ সময় আফগান রাষ্ট্রদূত নুরুল ইসলামকে উদ্ধারে তার সরকারের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
এদিকে, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন সোমবার সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে আফগানিস্তানে কর্মরত ব্র্যাক কর্মীদের হত্যা বা অপহরণ করা হয়ে থাকলে সেখানে সংস্থার কার্যক্রমে কৌশলগত পরিবর্তন আনার বিষয়টি আমাদের ভাবতে হবে। এক সপ্তাহের মধ্যে সেখানে ব্র্যাক কর্মী হত্যা ও অপহরণের দুটি ঘটনায় আমরা উদ্বিগ্ন।"
শুক্রবার আফগানিস্তানের লোগার প্রদেশে ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলাম অপহৃত হওয়ার একদিন আগে সংস্থার আরেক কর্মকর্তা আব্দুল আলিম বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
নুরুল ইসলামের অপহরণের পরিপ্রেক্ষিতে সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তওহিদ হোসেনের সঙ্গে ব্র্যাকের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর ড. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "খুন ও অপহরণের ঘটনা দুটিকে বিচ্ছিন্ন বিষয় হিসেবে আমাদের জানিয়েছে আফগান সরকার। সে দেশের জনগণও আমাদের কাজে সহায়তা দিচ্ছে।"
তিনি বলেন, "প্রথম দিকে আফগানিস্তানে এনজিওবিরোধী প্রচারণা থাকলেও, পরে স্থানীয় জনসাধারণ তাদের প্রয়োজনেই আমাদের নিরাপত্তা দিয়েছে।"
বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) ২০০২ সাল থেকে আফগানিস্তানে স্বাস্থ্য, শিক্ষা. ক্ষুদ্র ঋণ ও নারী উন্নয়ন বিষয়ে কাজ করছে। দেশটির ২৬ টি প্রদেশে সংস্থার ৩৫১টি কার্যালয়ে এখন প্রায় চার হাজার কর্মী কর্মরত। এদের মধ্যে বালাদেশী আছেন দুশরও বেশি।
অপহৃত ব্র্যাক কর্মকর্তাকে উদ্ধারের জন্য রোববার থেকে আফগানিস্তানে বিশেষ অভিযান শুরু হয়েছে। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় উজবেকিস্তানে দায়িত্বরত রাষ্ট্রদূতকে উদ্ধার তৎপরতা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কর্মকর্তা নুরুল ইসলামকে শনিবার দুপুরে লোগার প্রদেশের কার্যালয় থেকে অপহরণ করা হয়। এ সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রা লুট করে।
ঢাকায় ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুরুল ইসলাম লোগার প্রদেশে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এনএইচ/এসএনডি/এমএ/১৮০৭ ঘ.
bdnews24