২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

SPECIALসুবিধা বাড়ানোর প্রস্তাব আটকে যাওয়ায় পুলিশে হতাশা

সব সদস্যের আর্থিক ও রেশন সুবিধা বাড়ানোর প্রস্তাব পাস না হওয়ায় পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমরা পুলিশ সংস্কার কর্মসূচির মাধ্যমে পুলিশ সদস্যদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করছি। কিন্তু শুধুমাত্র 'মোটিভেশন' দিয়ে তো আর তাদের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ধরে রাখা সম্ভব হবে না।" আবু নোমান সজীব জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 06:33 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সব সদস্যের আর্থিক ও রেশন সুবিধা বাড়ানোর প্রস্তাব পাস না হওয়ায় পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমরা পুলিশ সংস্কার কর্মসূচির মাধ্যমে পুলিশ সদস্যদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করছি। কিন্তু শুধুমাত্র 'মোটিভেশন' দিয়ে তো আর তাদের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ধরে রাখা সম্ভব হবে না।" আবু নোমান সজীব জানাচ্ছেন বিস্তারিত। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, জুলাই মাসে পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মহাপুলিশ পরিদর্শক (আইজি) থেকে শুরু কনস্টেবল পর্যন্ত মূল বেতনের ২৫ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়ার প্রস্তাব করে। এছাড়া প্রস্তাবে পারিবারিক রেশন পদভেদে বাড়িয়ে ৮০ ভাগ ও ১০০ ভাগ করার প্রস্তাব দেওয়া হয়। পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের জন্য ঝুঁকি ভাতার অতিরিক্ত হিসেবে মূল বেতনের ৬০ শতাংশ ট্রাফিক ভাতা ধরা হয়। ৮০ হাজার কনস্টেবল এবং ৪৩ হাজার পুলিশ কর্মকর্তার জন্য সরকারের অতিরিক্ত ব্যয় ধরা হয়েছিল মোট ১২৮ কোটি ২২ লাখ টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার একজন যুগ্ম-সচিব বিডিনিউজ টুয়েন্টিাফোর ডটকমকে বলেছেন, "পুলিশের বেতন ও ঝুঁকিভাতা বাড়ানোসহ আমাদের কাছে কয়েকটি প্রস্তাব এসেছিলো। এর মধ্যে দুটি প্রস্তাব আংশিক বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। তবে ঝুঁকি ভাতা বাড়েনি। ট্রাফিক পুলিশের ভাতা কিছু বাড়বে। আর মামলার তদন্ত খরচ বাবদ পুলিশ কর্মকর্তাদের কিছু অর্থ বরাদ্দ দেওয়া হবে।" তিনি জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তারেকের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগের চেষ্টা করা হলে তার একান্ত সচিব আক্কাস আলী জানান, অসুস্থতার কারণে তিনি ছুটিতে আছেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে মামলার তদন্তকারী কর্মকর্তাদের মামলাভেদে এক হাজার থেকে ১০ হাজার টাকা দেওয়াসহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিলাম। কারণ পুলিশ সদস্যদের তাদের পকেটের টাকা খরচ করে মামলার তদন্ত করতে হয়।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় অনুমোদন না করায় এখন পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে ত্রিপুরা বলেন, "আমরা তো আর প্রস্তাব অনুমোদনের জন্য মারামারি করতে পারি না। আমরা সরকারের নীতিনির্ধারকদের এ ব্যাপারে বোঝানোর চেষ্টা করছি। দেখা যাক তারা কি করেন।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা পুলিশ সংস্কার কর্মসূচির মাধ্যমে পুলিশ সদস্যদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করছি। কিন্তু শুধুমাত্র 'মোটিভেশন' দিয়ে তো আর তাদের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ধরে রাখা সম্ভব হবে না।" নব বিক্রম কিশোর ত্রিপুরা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বাস্তবায়নাধীন পুলিশ সংস্কার কর্মসূচির প্রকল্প পরিচালক। রাজধানীর বাংলামোটর মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমরা যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করি। এমনকি ভিআইপি আমলাদের গাড়ি অনেক সময় সিগনাল অমান্য করেও ছেড়ে দিতে হয়। তারা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে আমাদের দুঃখ বুঝবে কি করে।" রাজারবাগ পুলিশ লাইনের একজন কনস্টেবল বলেন, "পুলিশ বাহিনীর সদস্যরা দেশের মানুষের জানমাল রক্ষার জন্য কাজ করলেও, তারা যে সুযোগ সুবিধা পায় তা দিয়ে তার নিজের এবং পরিবারের সদস্যদেরই জানমাল রক্ষা হয় না। আর এ কারণেই পুলিশের সদস্যরা বিভিন্ন অনিয়মে জড়িয়ে যেতে বাধ্য হচ্ছে।" নাম প্রকাশে অনিচ্ছূক ওই কনস্টেবল আরো বলেন, "সবাই শুধু পুলিশ বাহিনীর সদস্যদের ঘুষ নেওয়াসহ বিভিন্ন কাজের সমালোচনাই করে। কিন্তু পুলিশের একজন সদস্য যে তার চাকুরী জীবনের প্রথম থেকেই বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় তা নিয়ে কোনো কথা বলে না।" ডিএমপির গোয়েন্দা শাখায় কর্মরত একজন পরিদর্শক (ইন্সপেক্টর) বলেন, "পুলিশের বেতন-ভাতা বাড়ানোর সংবাদে সাধারণ সদস্যদের কাজে বেশ গতি সঞ্চার হয়েছিল। অনেকেই নতুন স্বপ্ন দেখেছিলেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে আটকে যাওয়ায় আমরা খুবই হতাশ।" তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান তত্ত্ববধায়ক সরকার শেষ পর্যন্ত পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তই নেবে বলেও ওই পরিদর্শক আশাপ্রকাশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/১২০০ ঘ.