২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও ধামরাইয়ে শ্রমিক বিক্ষোভ

বেতন দাবিতে বুধবার সাভারে একটি পোশাক কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। একই দিন ডিইপিজেডে একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। এদিকে ওভারটাইম ভাতার দাবিতে ধামরাইয়ে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেতন দাবিতে বুধবার সাভারে একটি পোশাক কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। একই দিন ডিইপিজেডে একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। এদিকে ওভারটাইম ভাতার দাবিতে ধামরাইয়ে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। আমাদের সাভার প্রতিনিধি জানান, সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার ক্যাপিটাল গার্মেন্টসে সকাল ৯টার দিকে বকেয়া বেতন ও ওভারটাইম ভাতার দাবিতে প্রায় ৫০০ শ্রমিক ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। শিগগিরই তার পরিশোধ করা হচ্ছে। এদিকে শ্রমিক ছাঁটাই ও মামলা করার প্রতিবাদে ইপিজেডের পুরানো জোনের জার্মানি মালিকানাধীন প্যাডাক্স জিন্স লিমিটেডের শ্রমিকরা দুপুরে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। গত শুক্রবার কারখানাটির ৩০০ শ্রমিককে ছাঁটাই করা হয় এবং ভাংচুরের অভিযোগ এনে সোমবার রাতে কারখানা কর্তৃপক্ষ ২৫ শ্রমিকের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন। পুলিশ ওই রাতেই মামলার আসামি শাকিল কামরুল ও জামিরকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করে। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে মামলার কথা জানতে পারে। তখন বিক্ষুব্ধ শ্রমিকরা বেপজার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। এক পর্যায়ে শ্রমিকরা মিছিল করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিষয়টি নিয়ে প্যাডাক্স জিন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুর ২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি গাড়ি ভাড়া করে বেপজা চেয়ারম্যান আশরাফ ইউসুফের সঙ্গে দেখা করতে ঢাকা রওনা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত। তবে শ্রমিকরা গাড়ি ভাড়া করে বেপজার চেয়ারম্যানের সাথে দেখা করতে ঢাকায় গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ওভারটাইম ভাতার দাবিতে বুধবার ধামরাইয়ের কালামপুর এলাকার সোয়েটার ল্যান্ড লিমিটেড কারাখানার শ্রমিকরা বিক্ষোভ করে। ওই সময় কারখানা কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতিও হয়। এরপর শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাড়ি চলে যায়। কারখানার ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ে মালিকের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান হবে। ধামরাই থানার উপ-পরিদর্শক ফনীভূষণ হালদার শ্রমিক বিক্ষোভের ঘটনা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু তখন কোনও শ্রমিককে পাওয়া যায়নি। এর আগেই তারা বাড়ি ফিরে যায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১১ ঘ.