২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতে যেতে পারে খুলনা কাগজ কল

খুলনা কাগজ কল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথা ভাবছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব মঙ্গলবার অনুমোদন করা হয়েছে। সভায় দেশে গভীর সমুদ্র বন্দর স্থাপনের স্থান নির্ধারণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ বন্ধ করে দেওয়ার বৈধতা ও আইনগত জটিলতা নিয়েও আলোচনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 05:54 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা কাগজ কল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথা ভাবছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব মঙ্গলবার অনুমোদন করা হয়েছে। সভায় দেশে গভীর সমুদ্র বন্দর স্থাপনের স্থান নির্ধারণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ বন্ধ করে দেওয়ার বৈধতা ও আইনগত জটিলতা নিয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম জানিয়েছেন, বহু বছরের পুরনো ও লোকসানী খুলনা কাগজ কলকে শিগগিরই বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, "দেশে একটি গভীর সমুদ্র বন্দর স্থাপনের স্থান নির্ধারণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজটি বন্ধ করে দেওয়ার আইনগত বৈধতা ও জটিলতা নিয়ে সভায় আলোচনা হয়েছে। দেখা যাচ্ছে, সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি অনুযায়ী এ কাজ বন্ধ করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে প্রক্রিয়াটি বাতিল করা যেতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।" বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন, শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, স্বাস্থ্য উপদেষ্টা ডা. এএসএম মতিউর রহমান, খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মির্জ্জা আজিজুল জানান, সভায় ছয়টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে স্থানীয় দরপত্রের মাধ্যমে সার আমদানি এবং বিসিআইসির কারখানা থেকে উৎপাদিত ডিএপি সারের ওপর ভর্তুকি দেওয়ার দুটি প্রস্তাব নাকচ করে দেওয়া হয়। উপদেষ্টা বলেন, "খুলনা কাগজ কল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি অনুমোদন করেছে। শিগগিরই এর প্রক্রিয়া শুরু হবে।" অন্য প্রস্তাবগুলো প্রসঙ্গে তিনি বলেন, "চট্টগ্রাম বন্দরের জন্য বিনিয়োগকারী ও পরিচালনাকারী নিয়োগের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আহ্বায়ক করে একটি কমিটিও করা হয়েছে। কমিটি এ ব্যাপারে সুপারিশ করবে।" এছাড়া টঙ্গীতে সতরঞ্চ টেক্সটাইল মিল থেকে সরকারের পাওনার ওপর মোট সুদের ৬৫ শতাংশ মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। নাকচ করে দেওয়া প্রস্তাব দুটি সম্পর্কে তিনি বলেন, "স্থানীয়ভাবে ইউরিয়া সার আমদানির জন্য তেমন কোনো আমদানিকারক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে স্থানীয় দরপত্রের মাধ্যমে সার আমদানির সিদ্ধান্ত তেমন লাভজনক হবে না। অন্যদিকে ডিএপি সারের ওপর ভর্তুকি দেওয়ার প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় প্রস্তাবটি নাকচ করে দেয়া হয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২৩৪৪ ঘ.