ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে বেশি লাভের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিলে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী।
মঙ্গলবার জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়ীদের বেশি মুনাফার কারণে সাধারণ মানুষের যদি কোনো দুর্ভোগ হয় তাহলে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে।
উপদেষ্টা আরো বলেন, সরকার বাজারদর নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে ওএমএস চালু করেছে। সেখানে যে চাল সরবরাহ করা হচ্ছে তা বর্তমান বাজারদরের তুলনায় ৪/৫ টাকা কম।
খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাজারে চাল, গমসহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু একটি চক্রের দাম বাড়ানোর অশুভ প্রবণতাও রয়েছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়।
তপন চৌধুরী জানান, রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবে।
তারাবি নামাজের সময় বিভিন্ন মসজিদে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে তপন চৌধুরী বলেন, কোনো কারণে মসজিদের একটি ফিডার নষ্ট হয়ে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে ডাবল ফিডারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেলে তার জন্য ট্রলি মাউটেন্ট ট্রান্সফরমারের ব্যবস্থা করা হয়েছে।
উপদেষ্টা আরো জানান, বুধবার বড়পুকুরিয়ায় একটি বিদ্যুৎ ইউনিট চালু করা হচ্ছে। সেখান থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
রমজানে ব্যবসায়ীরা বিপণীবিতানসহ অন্যান্য দোকানপাট ইচ্ছামতো খুলে রাখতে পারবেন
bdnews24