ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা অঞ্চলে বেসরকারি পর্যায়ে ফিক্সড লাইন টেলিফোন (পিএসটিএন) ব্যবসা পরিচালনার জন্য ৪টি বেসরকারি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির মুখপাত্র আব্বাস ফারুক রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাংকস টেল, স্কয়ার ইনফরমেটিক্স ও ঢাকা টেলিকমকে ঢাকা মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে পিএসটিএন (পিপলস সুইচ টেলিফোন নেটওয়ার্ক) সেবা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান তিনটি লাইসেন্স ফি হিসেবে বিটিআরসিকে ৪ কোটি টাকা করে দিয়েছে। চতুর্থ প্রতিষ্ঠান টেলিবার্তাকেও লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লাইসেন্স ফি পরিশোধের পর তাদের লাইসেন্স দেওয়া হবে।
এর মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশে ফিক্সড লাইন টেলিফোন সেবা দেওয়ার অনুমোদন পাচ্ছে এই চারটি প্রতিষ্ঠান।
এই লাইসেন্সের আওতায় প্রতিষ্ঠানগুলো ভয়েস ও ইন্টারনেট সেবা দিতে পারবে। প্রতিটি পিএসটিএন লাইসেন্সের মেয়াদ ২০ বছর।
আব্বাস ফারুক বলেন, "কোনো প্রতিষ্ঠান গ্রহকদের জন্য ইন্টারনেট সেবা গ্রহণ বাধ্যতামূলক করতে পারবে না। গ্রাহকরা চাইলে অন্য প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবাও নিতে পারবেন।"
তিনি জানান, পিএসটিএন প্রতিষ্ঠানগুলোর জন্য ৪৫০ মেগাহার্টজ, ৮০০ মেগাহার্টজ ও ১৯০০ মেগাহার্টজ বেতার তরঙ্গ বরাদ্দ করবে বিটিআরসি। সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো ফিক্সড লাইন টেলিফোন সেবা দেবে।
তবে এসব প্রতিষ্ঠান ঢাকা অঞ্চলের গ্রাহকদের জন্য 'লিমিটেড মোবিলিটি' সুবিধা দিতে পারবে কিনা সে ব্যাপারে পরিষ্কার কিছু বলেনি বিটিআরসি। এই সুবিধা দেওয়া হলে গ্রাহকরা তারবিহীন সেটের সাহায্যে সীমিত এলাকার মধ্যে ভ্রাম্যমাণ টেলিফোন সেবা পাবেন। অর্থাৎ তারা সীমিত এলকার মধ্যে ফিক্সড লাইন ফোনের মাধ্যমেই মোবাইল ফোনের সুবিধা পাবেন। দেশের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো অভিযোগ জানিয়ে আসছে, এই সুবিধা দেওয়া হলে পিএসটিএন প্রতিষ্ঠানগুলো অন্যায়ভাবে তাদের বাজারে ভাগ বসাবে।
এর আগে আওয়ামী লীগ সরকার ২০০১ এর আগস্টে ওয়ার্ল্ড টেলকে ঢাকা অঞ্চলে পিএসটিএন কার্যক্রম চালানোর লাইসেন্স দিয়েছিল। কিন্তু মালিকানা সংক্রান্ত জটিলতায় ওয়ার্ল্ডটেল তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। ঢাকা অঞ্চলে অন্য কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার ব্যাপারেও আইনি বাধা তৈরি করে প্রতিষ্ঠানটি।
এর ফলে ২০০৪ এ বিটিআরসি ঢাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের জন্য পিএসটিএন লাইসেন্স দেয়। ২০০৬ এর শেষ ভাগে ওয়ার্ল্ড টেলের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের পর ঢাকা অঞ্চলে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা দূর হয়।
চলতি বছরের জুলাইয়ে বিটিআরসি ঢাকাসহ সারাদশে পিএসটিএন সেবা দেওয়ার জন্য লাইসেন্স পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আবেদন করতে বলে। এজন্য মোট লাইসেন্স ফি নির্ধারণ করা হয় ১২ কোটি টাকা।
আব্বাস ফারুক বলেন, "র্যাংকস টেল, স্কয়ার ইনফরমেটিকস, ঢাকা টেলিকম ও টেলিবার্তা দেশের চারটি অঞ্চলের জন্য এর মধ্যেই ৮ কোটি টাকা করে পরিশোধ করেছে। তাই ঢাকা অঞ্চলের জন্য তাদের আর ৪ কোটি টাকা করে দিতে হবে। প্রতিবছর লাইসেন্স নবায়নের জন্য তাদের দিতে হবে ২ কোটি টাকা করে।"
তিনি জানান, এসব প্রতিষ্ঠানকে প্রথম দুই বছর তাদের মোট আয়ের দুই শতাংশ এবং পরবর্তী তিন বছর মোট আয়ের তিন শতাংশ করে বিটিআরসিকে দিতে হবে।
এছাড়া, লাইসেন্স পাওয়ার পর প্রথম পাঁচ বছর প্রতিষ্ঠানগুলোকে ঢাকা অঞ্চলে বছরে ১০ হাজার করে এবং দেশের বাকি অঞ্চলগুলোর প্রতিটিতে বছরে ৪ হাজার করে গ্রাহক সংগ্রহ করতে হবে।
ফারুক আব্বাস জানান, এই শর্ত পূরণ না হলে ঢাকা অঞ্চলের জন্য ২ কোটি এবং অন্য অঞ্চলের জন্য এক কোটি টাকা করে জরিমানা দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
ঢাকা অঞ্চলে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের ফিক্সড লাইন ফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৫ লাখ। এই সংখ্যা সারা দেশে সরকারি প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সংখ্যার প্রায় অর্ধেক। দেশের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ৭০ শতাংশ গ্রাহকও ঢাকা অঞ্চলে বাস করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএসকে/এসকে/টিএইচ/জেকে/২১১৩ ঘ.
bdnews24