ঢাকা, ৯ সেপ্টেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩ টি দুর্নীতি মামলা বাতিলের আবেদন তালিকাবহির্ভূত করেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাসিনার কৌসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
হাসিনার কৌসুলি বলেছেন, একই বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর মিগ-২৯ মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছেন।
তালিকা থেকে বাদ পড়া মামলা তিনটি হচ্ছে ফ্রিগেট কেনা, বেপজায় পরামর্শক নিয়োগ ও মেঘনাঘাট বিদুূৎ কেন্দ্র স্থাপন দুর্নীতি মামলা। মামলা তিনটি হাইকোর্টের তালিকার ৪, ৫ও ৬ ক্রমিকের অন্তর্ভুক্ত ছিল।
শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ আদালতে বলেন,"আমরা চাই মামলা বাতিলের আবেদন তিনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হোক।"
আদালত তাদের আবেদন মঞ্জুর করে মামলাগুলো কার্যতালিকা থেকে বাদ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ব্যারিস্টার শফিক বলেন, "একই বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর মিগ-২৯ মামলা বাতিলের আবেদন খারিজ করার পরিপ্রেক্ষিতে আমরা অন্য একটি বেঞ্চে বাকি ৩টির শুনানি করা যেতে পারে বলে আবেদন জানিয়েছি।"
ব্যারিস্টার শফিক বলেন,"এর ফলে এ মামলাগুলোর শুনানি এখনই আর হচ্ছে না। আমরা একটু সময় নিয়ে অন্য বেঞ্চে শুনানির জন্য আবেদন করবো।"
এদিকে মিগ-২৯ মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদন নাকচ করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আপিল দায়েরের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। রোববারই আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩২৩ঘ.
bdnews24