২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজের তালিকা তৈরির সঙ্গে দুদকের সম্পর্ক নেই: হাসান মশহুদ

সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা তৈরির সঙ্গে দুর্নীতি দমন কমিশনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 06:01 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা তৈরির সঙ্গে দুর্নীতি দমন কমিশনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়মিত সংবাদ ব্রিফিং-এ তিনি বলেন, "তালিকার সাথে আমাদের সম্পর্ক নেই। তালিকা হলে ভাল। আমাদের কাজের সুবিধা হয়। না হলে নতুন তালিকা আমরা নিজেরাই বানাতে পারব।" 'দুর্নীতিবাজদের নতুন তালিকা করা হবে না'- সেনা প্রধান জেনারেল মঈন উ আহমেদের এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে দুদক চেয়ারম্যান এ কথা বলেন। এর আগে বুধবার সেনা প্রধান জেনারেল মঈন উ আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, চলতি মাসের মধ্যেই দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের কাজ শেষ হবে। এখন পর্যন্ত ১৪২ জনের তালিকা করা হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ২২০ এর বেশি হবে না। এরপর যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপর এক প্রশ্নের জবাবে হাসান মশহুদ চৌধুরী জানান, দুদক রাজনীতির সঙ্গে কিংবা দলবাজিতে জড়িত হবে না। তিনি বলেন, "আপনাদের আমি নিশ্চিত করতে পারি, আমাদের অন্য কোনো এজেন্ডা নেই। অন্য কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা উদ্দেশ্য থাকতে পারে না। যদি থাকে তাহলে সেটা নিজের সাথে প্রতারণা করা হবে। দুদক রাজনীতির সাথে জড়িত হবে না। দলবাজির সাথে জড়িত হবে না।" দুদক চেয়ারম্যান নাম উল্লেখ না করে একজন সাবেক প্রধানমন্ত্রীর মামলা বিষয়ে বলেন, প্রমাণের ভিত্তিতেই দুদক অগ্রসর হচ্ছে। এ মামলার দালিলিক প্রমাণ দুদকের কাছে আছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএসবি/এমএইচবি/২৩৫০ ঘ.