২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে দিনেদুপুরে ডাকাতি,অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

মিরপুরে বুধবার দিনে-দুপুরে বাসায় ঢুকে ডাকাতি করার সময় জনতার হাতে এক মহিলাসহ ধরা পড়েছে ছয়জন। তবে ডাকাতদের ৬/৭ জন ঘর থেকে এক লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পল্লবী থানার উপ- পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় একটি ডাকাতি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিরপুরে বুধবার দিনে-দুপুরে বাসায় ঢুকে ডাকাতি করার সময় জনতার হাতে এক মহিলাসহ ধরা পড়েছে ছয়জন। তবে ডাকাতদের ৬/৭ জন ঘর থেকে এক লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পল্লবী থানার উপ- পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় একটি ডাকাতি মামলা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, তিনটি পুলিশের হ্যান্ডকাফ, একটা করে দা, হাতুড়ি, করাত ও পুলিশের বিভিন্ন ওয়ারেন্টের ফটোকপিসহ মোবাইল ফোন জব্দ করে। ধরা পড়া ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টার দিকে ১২/১৩ জনের এক দল ডাকাত মিরপুর ১১ নং সেকশনের এ ব্লকের ২ নং এভিনিউর ২১ নম্বর বাসার পাঁচ তলায় আবুল কালাম আজাদের বাসায় যায়। আবুল কালামের ছোট ভাই আল-আমীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে একজন লোক বিদ্যুৎ মিস্ত্রির পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ১২/১৩ জনের একটি দল জোর করে ঘরে ঢুকে পড়ে। এরপর তারা বাড়ির লোকজনকে মারধর এবং ঘরের মালামাল তছনছ করতে থাকে। আবুল কালামের স্ত্রী সোনিয়া ইসলাম জানান, ডাকাতরা এক লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় তারা আবুল কালাম ও তাকে হত্যা করতে এগিয়ে এলে তিনি চিৎকার করে এলাকাবাসীর সাহায্য চান। এলাকাবাসী এগিয়ে এলে ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়। আবুল কালাম আজাদ বলেন, যারা বাসায় ঢুকেছিল তাদের মধ্যে অনেকেই তার ভায়রা নূরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামী। এসব আসামীর মধ্যে শাহ আলম, মামুন, পান্না, সারোয়ার মোল্লাসহ কয়েকজন তাকে বাথরুমে নিয়ে দা দিয়ে হত্যা করতে উদ্যত হয়। তিনি বলেন, সেই মামলার বাদী হওয়ার কারণে তাকে দু'দিন আগে মোবাইল ফোনে অজ্ঞাত কেউ মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে সপরিবারে হত্যার হুমকিও দেয়া হয়। আবুল কালাম জানান, নুরুল ইসলাম হত্যা মামলার আসামিদের মধ্যে এলাকাবাসী মামুন, পান্না, সারোয়ার মোল্লাসহ ছয়জনকে আটক করতে পারলেও শাহআলম পালিয়ে যায়। তবে গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের পরিচয় দিয়েছে আসাদ (৩২), জসিম (৪০), রেশমা (২৮), মো. রনি (২৮), রেজাউল করিম (৩০) ও সোহাগ (৩০) নামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসি/১৮০৭ ঘ.