ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সম্পদের হিসাব সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯টার দিকে দুদক সচিব মো. মোখলেস-উর রহমানের কাছে সম্পদের হিসাব পৌছে দেয়।
এর আগে, দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব রোববার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ হিসাব অনুযায়ী শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ তিন কোটি ১০ লাখ টাকা।
হাসিনার কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান রোববার বিকেলে বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকায় শেখ হাসিনার কোনো সম্পত্তি নেই। তবে সুধা সদন ড. এম ওয়াজেদ মিয়ার নামে হওয়ায় সেটাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বাড়ির দাম ধরা হয়েছে ৬০ লাখ টাকা।
সাবেক প্রধানমন্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে আটটি অ্যাকাউন্ট রয়েছে। হাসিনা যে দুটি গাড়ি ব্যবহার করেন তার একটি চট্টগ্রাম আওয়ামী লীগের ও অন্যটি লন্ডন আওয়ামী লীগের দেওয়া উপহার। চট্টগ্রাম আওয়ামী লীগের দেওয়া গাড়িটির দাম ছয় লাখ টাকা নির্ধারণ করা গেলেও অন্য গাড়িটির দাম ঠিক করা যায়নি বলে জানান তিনি।
এর আগে গত শনিবার শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসে খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, নগদ এক কোটি টাকাসহ শেখ হাসিনার সম্পদের মূল্যমান প্রায় আড়াই কোটি টাকা। তার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে একটিতে এক কোটি ২৮ লাখ টাকা রয়েছে। হাসিনার অধিকাংশ সম্পত্তি তার বাবা, মা ও দাদার সূত্রে পাওয়া। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি এলাকাটি বাদ দিয়ে ১৫ বিঘা জমি রয়েছে, যার অর্ধেকের মালিক শেখ রেহানা। এছাড়া গোপালগঞ্জে ৪০ কাঠা জায়গায় টিনশেডের একটি বাড়ি রয়েছে। সেখানে একটি পুকুরও আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসইউএম/এসএনডি/ ১২২৪ ঘ.
bdnews24