ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আখাউড়া উপজেলার ধরখার ছতুরা শরীফ এলাকায় শনিবার কাউসার মিয়া (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যুবলীগকর্মী বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
ধরখার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফজলুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ধরখার ইউনিয়নের ঝিগুটিয়া গ্রামের কাউসার মিয়ার লাশ চতুরা শরীফের পাশের জলাশয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কাউসারের চোখ, বুক এবং মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগকর্মী কাউসারের বন্ধু আলমগীর ও এক রিকশা চালককে আটক করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জহুরুল হক জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও সুস্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24