সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেলকুচি উপজেলার চন্দনগাতিতে শনিবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, গ্রামের মসজিদের তত্ত্বাবধায়ক শাহেব আলী ফজরের নামাজের আগে মসজিদের চাবি দিতে দেরি করলে চান্দু প্রামাণিকের নেতৃত্বে এক দল মুসল্লি তাকে মারধর করে। অপর কয়েকজন এ ঘটনার প্রতিবাদ জানালে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে ইউপি সদস্য আজিজুল হকও রয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।
বেলকুচি থানার দায়িত্বরত কর্মকর্তা ধীরেন্দ্রনাথ মহাপাত্র সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, "তেমন মারাত্মক কিছু ঘটেনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৫২ ঘ.
bdnews24