ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-পবিত্র শবেবরাতের সন্ধ্যা নামতেই মসজিদগুলোতে ছেলে-বুড়ো সবাই ভিড় জমিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশায় ইবাদত বন্দেগিতে শামিল হয়েছে। বাসা-বাড়িতেও প্রার্থনায় মগ্ন হয়েছেন অনেকে। এ বাড়ি থেকে ও বাড়িতে পাঠানো হচ্ছে রুটি, হালুয়া, মিষ্টান্ন, পায়েস।
কোন ঘরের দোর থেকে খালি হাতে ফিরছেন না কেউ। রাস্তার মোড়ে, মসজিদের সামনে আগরবাতি, মোমবাতি, আতর নিয়ে দোকান সাজিয়েছেন অনেকে।
ইসলামী বর্ষপঞ্জির পাঁচটি মর্যাদাপূর্ণ রাতের মধ্যে অন্যতম এ রাতে আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেন।
বুধবার সন্ধ্যা নামার পর প্রার্থনার পাশাপাশি স্বজনরা যাচ্ছেন প্রিয়জনের কবর জিয়ারত করতে। আজিমপুর কবরস্থান, মিরপুর কবরস্থান ও হাইকোর্ট মাজারে ভিড় করছেন সব বয়সের মানুষ। অনেকেই যাচ্ছেন বিভিন্ন পীরের মাজারে।
শবেবরাত উদযাপনের জন্য পুরান ঢাকাবাসীরা নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন। সেখানে মসজিদগুলোতে রয়েছে আলোকসজ্জা।
আলোকসজ্জা করা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও। শবেবরাতের রাতে প্রার্থনার জন্য আগে থেকেই ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করে রাখা হয় এই মসজিদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এফএইচবি/এমএইচবি/২০৩৭ ঘ.
bdnews24