২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের বিদেশী মুদ্রা মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়নি

হাইকোর্টে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সালমান রহমানের বিরুদ্ধে মঙ্গলবার বৈদেশিক মুদ্রার মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সালমান রহমানের বিরুদ্ধে মঙ্গলবার বৈদেশিক মুদ্রার মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। ঢাকা মহানগর ৮ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে তার আইনজীবীরা জানিয়েছেন সালমান রহমানের বিরুদ্ধে বেআইনীভাবে বৈদেশিক মুদ্রা রাখার এ মামলাটি খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে মামলাটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিচারক নীলুফা আক্তার আগামি ২ সেপ্টেম্বর মামলাটির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ এ আদালতে দাখিলের জন্য দিন ধার্য করেন। লুৎফুজ্জামান বাবর : এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ঢাকার মহানগর ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন অস্ত্র মামলায় সাক্ষী আসেনি বলে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেছে। মঙ্গলবার এ আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর আগামি ৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। হারিছ চৌধুরী : একই আদালতে হারিছ চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখায় মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষে কোন সাক্ষী হাজির হয়নি বলে বিচারক ৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। মির্জা আব্বাস: অপরদিকে মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার মামলায় মঙ্গলবারও অভিযোগ গঠনের শুনানি হয়নি। গত ৮ আগস্ট এ মামলায় ঢাকার ৬ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালে মামলাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অন্য কোন আদালতে স্থানান্তরের আবেদন করেছিলেন আব্বাসের আইনজীবীরা। মঙ্গলবার ৬ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবু মো. মোহসীন আগামি ২ সেপ্টেম্বর মামলা স্থানান্তর আদেশের কপি দাখিল অন্যথায় অভিযোগ গঠন করা হবে বলে আদেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৭৪৩ঘ.