ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারকৃত দুই সহকর্মীর খোঁজ জানতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার। শুক্রবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ''আমাদের দুই শিক্ষক কোথায় আছেন তা জানার চেষ্টা করছি আমি। তবে এখনো তাদের অবস্থান জানতে পারিনি।''
তিনি জানান, অধ্যাপক হারুন অর রশীদ ও অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা তাও জানতে পারেননি তিনি।
যৌথ বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ফুলার রোডে টাওয়ার ভবনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যায়। শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ দুই শিক্ষকের পরিবারের সদস্যরা তদের খোঁজ জানতে পারেননি।
এ ব্যাপারে শাহবাগ থানায় একাধিকবার যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে তাদের থানায় আনা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২২২২ ঘ.
bdnews24