২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি পোড়ানো: দুলুর ১২ এবং ৮২ সহযোগীর ১০ বছর জেল

গানপাউডার দিয়ে ১৮টি বাড়ি পোড়ানোর মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে তার পরিবারের ১১ সদস্যসহ ৮৩ বিএনপি নেতাকর্মীর ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মীর্জা আব্দুর রউফ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

নাটোর, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গানপাউডার দিয়ে ১৮টি বাড়ি পোড়ানোর মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে তার পরিবারের ১১ সদস্যসহ ৮৩ বিএনপি নেতাকর্মীর ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মীর্জা আব্দুর রউফ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। বিচারক বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত রায়ের উল্লেখযোগ্য অংশ পড়ে শোনান। অ্যাডভোকেট দুলুসহ ৩০ জন আসামি এ সময় আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তার রায়ে বলেন, সাক্ষ্য প্রমাণে দেখা গেছে- অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঘটনার সময় একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তার অধীনে ছিল বিশাল ক্যাডার বাহিনী। ঘটনার দিন তিনি ভাতিজা সাব্বির আহমেদ গামা হত্যার প্রতিশোধ নিতে অন্য আসামিদের নিয়ে সদর উপজেলার রামশাকাজিপুর শাহপাড়া গ্রামে গিয়েছিলেন। তিনি তার গাড়ি থেকে অন্য আসামিদের দুই বস্তা গানপাউডার দেন এবং ওই বিস্ফোরক দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি নিজে বাদী আসাদুজ্জামানের বাড়িতে ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন লাগানোর উদ্বোধন করেন। এতে বাদীর বাড়িসহ ১৮টি বাড়ি পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়। রায়ে আরও বলা হয়, অ্যাডভোকেট দুলু একজন উপমন্ত্রী হওয়ার পরও তিনি নিজেই আইন হাতে তুলে নেন এবং অন্যদের আইন লঙ্ঘনের নির্দেশ দেন। এটি কোনভাবেই ক্ষমা করা যায় না। তাই তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আদালত মনে করেন। বিস্ফোরক ব্যবহার করে বাড়ি পোড়ানোর অপরাধে আদালত দুলুর বড় ভাই নুরুন্নবী তালুকদার, চাচাতো ভাই আতিকুর রহমান তালুকদার, আবিদুর রহমান তালুকদার, ভাস্তে জামাই সাবেক ইউপি চেয়ারম্যান রহিম নেওয়াজ, ভাতিজা ডালিম, ডলার, ভাগ্নে বেলাল, হেলাল, বুলবুল ও বিএনপি কর্মী জুবায়ের, মজনু, রুপচাঁদ, বাবুল চৌধুরী, মজিবুর রহমান তালুকদার, সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, রতন, শান্তি মাস্টার, মামুনুর রশিদ, আব্দুল কুদ্দুস, আলমগীর, হাফিজুল ইসলাম খান, আজিজুল, জালাল, আব্দুল আজিজ, রহিম বক্স, গোলাপ, রেন্টু, সেন্টু, কালু, কাউছার, সফির উদ্দিন, আফজাল, আমজাদ, হাফিজুল, আব্বাছ মুন্সি, আসাদুল্লাহ, আহমদুল্লাহ, লালখান, মোজাম্মেল তালুকদার, বাঘা, হযরত আলী, সাইফুল, মোজাম্মেল হক, তোজাম্মেল হক, মিজু ফকির, সাইদুল, আনোয়ার হোসেন, টুলু, তোফাজ্জল রাজাকার, শহিদুল ইসলাম, সাইফুল, লিয়ন, আওয়াল, ছলিম, জালাল, মতিন, রেজাউল, রফিক, নাজির, সাহাদৎ ডাক্তার, আব্দুল জলিল মেম্বার, রফিক মাস্টার, মোখলেছ, বাবলু, সাইফুল, ফলেন, গিয়াস, আতিকুর, দেওয়ান শাহীন, সদরুল ইসলাম ডাম্বেল, ডলার, শহিদুল ইসলাম সোহেল, মোস্তাফিজুর রহমান শাহীন, আব্দুল হাফিজ, শফিকুল ইসলাম শফি গানম্যান, ফজলু, খবির, কাঁচু, মকবুল মাস্টার, আছের ও আশরাফ হোসেনকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছর কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামি নাছিম খান, সাজ্জাদ হোসেন সোহাগ কমিশনার, মহসিন, আনিসুর রহমান, নজিবুর রহমান, রফিকুল ইসলাম, সাব্বির, ওয়াহিদ, হেলাল (পিতা আজিজ), টিটু ও সারোয়ারকে খালাস দিয়েছেন। রায়ে বলা হয়, উপস্থিত আসামীদের দণ্ড রায় ঘোষণার দিন থেকে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার হওয়ার দিন থেকে কার্যকর হবে। বিচার শুরুর ৪৪ দিনের মধ্যে এই রায় ঘোষিত হলো। এর আগে বাড়ি পোড়ানো মামলায় আরেক মামরায় অ্যাডভোকেট দুলুকে আট বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্ফোরক দিয়ে বাড়ি পোড়ানোর মামলার অভিযোগে বলা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মেদ গামা ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি সন্ধায় নিজ এলাকা রামশা কাজিপুর গ্রামে খুন হন। এই ঘটনার আক্রোশে ওই দিন রাতে দুলুসহ অন্যান্য আসামিরা রামশা কাজিপুর গ্রামে যান। প্রথমে দুলু এই মামলার বাদী আসাদুজ্জামানের বাড়িতে আগুন লাগিয়ে ঘটনার সূচনা করেন। পরে অন্য আসামিরা ১৭টি বাড়ি পোড়ায় ও লুটপাট চালায়। এ ঘটনায় আসাদুজ্জামান গত ২৫ ফেব্র"য়ারি দুলুসহ ১০৪ জনকে আসামি করে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। নলডাঙ্গা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন তদন্ত শেষে এজাহারভুক্ত ১৯ জনকে বাদ দেন এবং আট জনকে নতুন করে আসামি করে মোট ৯৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্য দেন মোট ২৬ জন। রায় ঘোষণার পর মামলার বাদী আসাদুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, "যখন ঘটনা ঘটেছিল তখন বিশ্বাস হয়নি এই অত্যাচারের বিচার পাব।" তিনি জানান, ক্ষতিগ্রস্তরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে প্রতিহিংসাবশত দুলু তাদের ক্ষতি করেছিলেন। তবে অ্যাডভোকেট দুলু দাবি করেন, মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আবেদন করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৪৫ ঘ.