সাভার, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বিশ্বাস ফ্যাশন গার্মেন্টস কারখানা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কারখানার পাঁচ হাজার শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় আধঘণ্টা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২ মাসের বকেয়া বেতন ও ৩ মাসের বকেয়া অভারটাইয়ের বিলের দাবিতে শ্রমিকরা আজ মঙ্গলবার ফুঁসে উঠেছে।
কারখানার সুইং অপারেটর ফরহাদ, সুরুজ মিয়া, রোকসানা, শিল্পী, জুলেখা, জসিম, হাসেম, রোজিনা, আলেয়াসহ আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দু'মাসের বেতন এবং তিন মাসের ওভার টাইমের টাকা বকেয়া আছে। বকেয়া পরিশোধের জন্য কয়েক দিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে কোনো ফল না পাওয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক অবরোধ করেন।
পরে সাভার থানা পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এরপর সাভার উপজেলা পরিষদের সেনাক্যাম্পে গিয়ে তাদের অভিযোগ জানান।
বেলা সাড়ে ১২টার দিকে বিশ্বাস ফ্যাশনের মালিক বাবু বিশ্বাস সেনাক্যাম্পে গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কারখানায় ফিরে যান।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, "শ্রমিকরা সব বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস পাওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে।"
ুবিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৪৬ ঘ.
bdnews24