২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় খোলা বাজারে ১ লাখ ১৪ হাজার টন চাল বিক্রির সিদ্ধান্ত

রমজান মাসে চালের দাম সহনীয় রাখতে ১ লাখ ১৪ হাজার টন চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে চালের দাম সহনীয় রাখতে ১ লাখ ১৪ হাজার টন চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে তপন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, "১০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ওএমএস কর্মসূচি চলবে। প্রতি কেজি চালের দাম ঠিক করা হয়েছে ১৯ টাকা। খোলা বাজারে এক দিন পর পর চাল বিক্রি করা হবে। প্রত্যেক পরিবার একবারে সর্বোচ্চ তিন কেজি করে চাল কিনতে পারবে।" উপদেষ্টা আরো জানান, সারাদেশে ১৫ হাজার ৪০০ ডিলার ও শহর এলাকায় বিডিআরের ৫০০ দোকানের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। ডিলাররা সরকারের কাছ থেকে প্রতি কেজি চাল কিনবেন ১৮ টাকা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমকে/জেকে/১৫১৪ ঘ.