কুমিল্লা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-৭ আসনে (বরুড়া) বিএনপির সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লার ৫ নং আমলি আদালতে বরুড়ার আড্ডা কৃষ্ণপুর গ্রামের বাচ্চু মিয়া সরকার এ মামলা করেন। এতে তাহের সুমন ও বরুড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭৮ জনকে আসামি করা হয়েছে।
বিচারক মো. আশরাফ হোসেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালের ৮ মার্চে অভিযুক্তরা বাদী ও ৪৮ জন সাক্ষীর বাড়িঘর ভাংচুর করে ও ২৬টি বসতঘর জ্বালিয়ে দেয়। এ সময় স্বর্ণালঙ্কার ও নগদসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করা হয়।
এরপর ২০০৫ সালের ২৯ এপ্রিল অভিযুক্ত সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমন বাদী ও স্বাক্ষীদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা না পেয়ে সুমন বাদী ও স্বাক্ষীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২০০৪ ঘ.
bdnews24