নরসিংদী, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মজুরির দাবিতে নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশে জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন এ মিলটিতে নয় সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। আর তাই মঙ্গলবার দুপুর থেকে তারা কারখানায় উৎপাদন বন্ধ করে দেন।
মিলের সিবিএ সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের বকেয়া মজুরির জন্য দীর্ঘ দিন অপেক্ষা করেও তা না পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পাট কলটির উপ-মহাব্যবস্থাপক আ. মালেক জানান, বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন কারণে উৎপাদন কমে যাওয়ায় অর্থের যোগান হয়নি। তাই মিলের প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিকের মজুরি দেওয়া যায়নি।
আগামী বৃহস্পতিবারের মধ্যে অর্থ সংস্থান হলে শ্রমিকদের মজুরি দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন আ. মালেক।
একইসঙ্গে তিনি জানান, অর্থের অভাবে মিলের কর্মকর্তা-কর্মচারীরাও পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪২ ঘ.
bdnews24